Showing posts with label মন্তব্য. Show all posts
Showing posts with label মন্তব্য. Show all posts

Wednesday, October 29, 2014

Antarctica মহাদেশের নাম Antarctica হবার কারণ কি?

উত্তর মেরুকে ইংরেজিতে বলা হয় arctic pole, শাব্দিক অর্থে ভল্লুকীয় মেরু বা আর্ক্ষিক বা ঋক্ষীয় মেরু। গ্রিক ভাষায় άρκτος, arktos মানে ভল্লুক। এই গ্রিক শব্দটির একই ইন্দো-ইউরোপীয় মূল থেকে এসেছে (cognates) সংস্কৃত শব্দ 'ঋক্ষ' এবং Latin শব্দ 'ursus', মানে ভল্লুক)।

উত্তর মেরুকে arctic pole বলার কারণ হল উত্তর মেরুর আকাশে বিশাল ভল্লুকটা (Great Bear, ঋক্ষেশ তারকামণ্ডল, Ursa Major) মাথার ঠিক ওপরে দেখা যায়। এই মহাগুরুত্বপূর্ণ তারকামণ্ডলের মাধ্যমে উত্তর গোলার্ধে খুব সহজেই অন্ধকার রাতের আকাশে ধ্রুবতারা (Pole Star) চিনে নিয়ে উত্তর দিক খুঁজে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষে এই তারকামন্ডলের খালি চোখে সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান অংশকে বলে 'সপ্তর্ষিমণ্ডল' মানে সাত ঋষির তারকামন্ডল, ইংরেজিতে বলে The Big Dipper, মানে বড় চামচ।

চিত্র: মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পতাকায় সপ্তর্ষিমণ্ডল আর ধ্রুবতারা।

এখন ভৌগলিকভাবে উত্তর মেরুর বিপরীতে হল দক্ষিণ মেরু বা antarctic pole. গ্রিক αντι, anti মানে হল বিপরীত। তাহলে antarctic মানে হল ভল্লুকীয় বা আর্ক্ষিক মেরুর বিপরীত মেরু সম্পর্কিত; বৈয়ার্ক্ষিক। তাই দক্ষিণ মেরুতে অবস্থিত এই মহাদেশের নাম Antarctica! :)

উত্তর মেরুতে কোন মহাদেশ নেই, তাই Arctica বলে কোন মহাদেশ নেই, কিন্ত ওখানে আছে এক বিশাল মহাসাগর যাকে আমরা বলি Arctic Ocean বা উত্তর মহাসাগর; অথবা বলা যেতে পারে 'আর্ক্ষিক মহাসাগর'। আর Antarctica মহাদেশকে আমি বাংলায় (বা সংস্কৃতে) নাম দিতে চাই, 'বৈয়ার্ক্ষিক মহাদেশ বা বৈয়ার্ক্ষ' (বি-ঋক্ষ+অ) :P

Tuesday, August 26, 2014

Mettypukre মানে মিঠাপুকুর!

আমাদের রংপুর জেলার "মিঠাপুকুর"কে (আধুনিক রোমানীকরণ Mithapukur) লেখা হয়েছিল "Mettypukre" [IPA: ˈmɛtɪˌpʊkɚ] (মেটিপুকার) ১৭৭৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সারভেয়ার-জেনারেল জেমস রেনেলের (James Rennell) করা বাংলা-বিহারের মানচিত্রে।

ব্রিটিশরা আমাদের পূর্বপুরুষদের মুখে উচ্চারণ শুনে ইংরেজিতে তাদের মত করে বানান করত। যেমন ঢাকাকে লেখা হয়েছিল Dacca [ˈdækə] (ড্যাকা) , কলকাতাকে Calcutta [kəlˈkʌtə] (কালকাটা), রাজশাহীকে Raujeshy [ˈɹɔːd͡ʒəʃɑɪ] (রোজাশাই), ব্রহ্মপুত্রকে Burrampooter [ˌbʌɹəmˈpuːtɚ] (বারাম্পূটার), রংপুরকে Rungpour [ˌɹʌŋˈpɔː] (রাংপোর), মেদিনীপুরকে Midnapour [ˌmɪdnəˈpɔː] (মিডনাপোর) ইত্যাদি।

মিঠাপুকুরের কাছাকাছি এলাকার মধ্যে আরো আছে কাউনিয়া Cownyah, নবাবগঞ্জ Nabobgunge, লালবাগ Lolbeg, জোত দিলাল Judelell, রহমতপুর Rammatpour, কালিগঞ্জ Calleygunge, করতোয়া নদী Curtyah R., জালালগঞ্জ Jalalgunge. বড় দরগা-এর বানানটা সেই দরের - Burra Dirgah মনে হচ্ছে খাঁটি ইংরেজি শব্দ, উচ্চারণ [ˌbʌɹə ˈdɜːgə], অনেকটা [বারা ডার্গা] :D :P আরেকটা দেখলাম - লালমনিরহাটের পাটগ্রামকে লিখেছে Patgong [ˌpætˈgɑŋ] প্যাটগং, গাঁও বা গ্রাম বা গা-কে ব্রিটিশরা সব সময় -gong লিখেছে, যেমন চট্টগ্রাম বা চাটগাঁ Chittagong [ˌt͡ʃɪtəˈgɑŋ] চিটাগং,নওগাঁ Nowgong [ˌnaʊˈgɑŋ] নাউগং ।


এটা এতো আগের মানচিত্র যেখানে সিরাজগঞ্জ-টাঙ্গাইলের মাঝের আজকের বিশাল যমুনা নদীর অস্তিত্ব নেই (!), বরং আছে ময়মনসিংহের পাশ দিয়ে বয়ে যাওয়া বিশাল ব্রহ্মপুত্র নদ, যা ২০০ বছর আগে হারিয়ে গিয়ে আজকের যমুনা তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকরা বলেন প্রায় ২০০ বছর আগে কয়েকটা ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করেছে।


শুধু ব্রহ্মপুত্রই নয়, মানচিত্রটি ভাল করে লক্ষ্য করলে দেখা যায়, উত্তরবঙ্গের তিস্তা নদীও তার গতিপথ পরিবর্তন করেছে। আগে এ নদীটি রংপুরের উত্তর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে পড়ত না, বরং জলপাইগুড়ি হয়ে দিনাজপুর শহরের কাছে এসে পুনর্ভবা আর আত্রাইয়ে ভাগ হয়ে গঙ্গায় (পদ্মায়) পতিত হত। এটাও কি সেই ভূমিকম্পের ফল? হয়ত বা!

দেখুন সেই মানচিত্র।

চিত্র: ১৭৭৬ সালের জেমস রেনেলের মানচিত্রের একাংশে মিঠাপুকুর Mettypukre!

Tuesday, June 10, 2014

মুসলিম নেই, ইসলামী দেশ: ইসলামিত্ব সূচক

খবর: যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ২ মুসলিম গবেষকের উদ্ভাবিত ইসলামিত্ব সূচক (Islamicity Index) অনুযায়ী কুরআনের মূল্যবোধের প্রতি অনুগত দেশসমূহের র্যাংকিং ২০১০এ প্রথম ১০ এ উঠে এসেছে পশ্চিমা দেশগুলো - আয়ারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, সুইডেন,যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর,ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম।

প্রথম ২৫ এর মধ্যে কোনো মুসলিম দেশ নেই! মালয়েশিয়া (৩৩) আর কুয়েত (৪২) শুধু আছে প্রথম ৫০ এ। সৌদি আরব ৯১তম আর কাতার ১১১তম. ভারত ৯৭, শ্রীলংকা ১০৭, বাংলাদেশ ১৪১, পাকিস্তান ১৪৫। এবছর নাগাদ নতুন সূচক আসবে।

এই সূচক নিয়ে গবেষণা করতে গিয়ে তারা মূলত দেখেছেন কিভাবে দেশগুলো তাদের সমাজের অর্থনৈতিক উন্নয়নে, শাসনব্যবস্থায়, মানবিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইসলামী নীতিকে বাস্তবে প্রয়োগ করেছে। তারা বলেন, আমাদের বলতেই হবে যে অনেক দেশ যারা নিজেদেরকে ইসলামের অনুসারী বলেন তারা আসলে ন্যায়বিচারহীন, দুর্নীতিগ্রস্ত, অনুন্নত এবং মূলত সার্বিক বিচারে অনৈসলামিক।
___________________________
মনে পড়ে যায়, কেউ একজন বলেছিলেন, আমি পশ্চিমে গিয়েছি, সেখানে ইসলাম দেখেছি কিন্তু মুসলিম দেখিনি; যখন পূর্বে ফিরে এলাম, মুসলিম দেখলাম, কিন্তু ইসলাম দেখলাম না।
আরো মনে পড়ে, ব্রিটিশ গায়ক ক্যাট স্টিভেন্স ইসলাম গ্রহণ করার পরে এক সময় বলেছিলেন, আমি কুরআন পড়ে ইসলামে এসেছি; যদি মুসলিমদের দেশে এসে শুধু তাদেরকে দেখে ইসলাম গ্রহণ করতে হত, তবে হয়ত আমার আর ইসলাম গ্রহণ করা হত না।


এতটাই নিচে আমরা মুসলিমরা আজ নেমে গেছি! নিজেদের দায়িত্ব আর আদর্শ ভুলে ইসলামকে শুধু বাপদাদাদের থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি সম্পত্তি (ধর্ম) মনে করে নিজেদের ও সমাজের জীবন থেকে একে শুধু যে নির্বাসনে দিয়েছি তা নয়, সমাজে যাতে ইসলামী জীবন পুরোপুরি প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্যে প্রচলিত জনপ্রিয় সব গড্ডালিকায় গা ভাসিয়ে নিজেদেরকে ভুলিয়ে রেখেছি, ঠিক যেমনটি করেছিল বনী ইসরাইলরা (অতীতের মুসলিম)। আর তাই আল্লাহর প্রতিশ্রুতিমত আমাদের উপর আজ নেমে এসেছে এই লাঞ্ছনা, অধঃপতন, দুরবস্থা ও অনটনের শাস্তি। আর তাঁর প্রতিশ্রুতি মত আমাদের জায়গায় অন্য কোন জাতিকে তিনি পৃথিবীর পরিচালনায় দাঁড় হয়ত করাচ্ছেন বা করিয়ে ফেলেছেন এবং বিভিন্নভাবে তাদেরকে দিয়ে আমাদের শাস্তি দিচ্ছেন।

আল্লাহ বলেন:
"অবশেষে (বনী ইসরাইলদের) অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌছলো যার ফলে লাঞ্ছনা, অধপতন, দুরবস্থা ও অনটন তাদের ওপর চেপে বসলো এবং আল্লাহর গযব তাদেরকে ঘিরে ফেললো৷ এ ছিল তাদের ওপর আল্লাহর আয়াতের সাথে কুফরী করার এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করার ফল৷ এটি ছিল তাদের নাফরমানির এবং শরীয়াতের সীমালংঘনের ফল৷" - সূরা বাকারাহ ৬১

"তোমরা যদি না (আল্লাহর পথে) বের হও তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আর একটি দল/জাতিকে ওঠাবেন, আর তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না৷ তিনি সব জিনিসের ওপর শক্তিশালী৷" - সুরা তাওবাহ ৩৯

"তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোন জাতিকে নিয়ে আসবেন৷ তারা তোমাদের মত হবে না৷" - সুরা মুহাম্মাদ ৩৮



সূত্র:
1. http://www.irishtimes.com/news/social-affairs/religion-and-beliefs/ireland-the-most-truly-muslim-country-in-the-world-1.1826354
2. http://relooney.fatcow.com/SI_Expeditionary/0-Important_87.pdf